মেহেরপুর সদরে স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় একজন রিকশাচালক। তিনি ওই পাড়ার রিয়াসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আকবর আলীর ছেলে কালু দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটনায়। তিনি সম্পর্কে নিহতের খালাতো ভাই হয়।
নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, গোলাম হোসেন সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এএজে

