মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মাগুরায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গেজেট প্রতিবেদন

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলনের দায়ে খন্দকার মামুন অর রশিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব এই জরিমানা করেন।

ব্যবসায়ী মামুন অর রশিদ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাত্তর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মামুন অর রশিদকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব বলেন, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন