মাগুরার শ্রীপুরে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম এ ঘটনা ঘটে।
আজাদ মৃধা মহেশপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পোটরা মাঠে ঘাস কাটতে যান কৃষক আজাদ মৃধা। সকাল ১০টার দিকে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক ও প্রাথমিক চিকিৎসার নামে কিছু সময় নষ্ট হয় বলে অভিযোগ রয়েছে। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে দুপুররের দিকে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা বলেন, সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো যেতো। সচেতনতার অভাবে এখনো অনেক মানুষ ওঝার ওপর নির্ভর করেন, যা অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
খুলনা গেজেট/এএজে

