সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

মাগুরায় চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

গেজেট প্রতিবেদন

মাগুরায় তেলের মিলে কাজ করার সময় চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে সোবহান হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের নতুন বাজার এলাকার রতনের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোবহান হোসেন মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার শহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও সোবহান হোসেন তেলের মিলে কাজ করছিলেন। এ সময় চলন্ত মেশিনের ফিতা লাগাতে গিয়ে অসাবধানতাবশত তিনি ফিতার সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন