শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

গেজেট প্রতিবেদন

মাগুরার সদর উপজেলার একটি সেলুনে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), কাদের মোল্লা (২৪), জুয়েল মোল্লা (২৮) এবং আরাফাত (২৪)। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে জুয়েল মোল্লা ও কাদের মোল্লা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা। অন্যদিকে আরাফাত গাংনালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক আগে থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় সোহাগ নামে আরেক যুবক সেলুনে এসে জরুরি কাজের কথা জানিয়ে আগে চুল কাটার অনুরোধ করেন।

সেলুন কর্মী (পরামানিক) জানান, জুয়েলের সিরিয়াল আগে রয়েছে। পরে জুয়েলকে সিরিয়াল ছাড়ার অনুরোধ করা হলেও তিনি রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন।

এ বিষয়ে আঠারোখাদা ইউনিয়নের বিট অফিসার এসআই মনজুরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন