শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাগুরায় সাংবাদিককে মারধর, অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

গেজেট প্রতিবেদন

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি তেলের পাম্পে অনিয়মের ভিডিও করায় আব্দুর রশিদ মোল্লা নামের এক স্থানীয় সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত কনস্টেবল নাজমুল হোসেনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মেসার্স মাজেদা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রশিদ মোল্লা দৈনিক ‘আলোকিত সকাল’ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা যায়, আজ সকালে ওই ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অমান্য করে ড্রামে করে তেল বিক্রি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেয়ার সংবাদ সংগ্রহ করতে যান আব্দুর রশিদ। এ সময় অনিয়মের দৃশ্যগুলো তিনি নিজের মুঠোফোনে ধারণ করছিলেন। পরে সেখানে দায়িত্বরত শ্রীপুর থানার কনস্টেবল নাজমুল হোসেন অতর্কিত তার ওপর হামলা চালান।

সাংবাদিক আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, আমি পাম্পের অনিয়মের ভিডিও করছিলাম। হঠাৎ কনস্টেবল নাজমুল এসে আমাকে মারধর শুরু করেন এবং ফোনটি ছিনিয়ে নেন। তিনি ভিডিওগুলো মুছে দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ফোন ফেরত চাইলে তিনি আবারও আমাকে মারেন এবং উপস্থিত অন্যদের আমার বিরুদ্ধে উসকে দেয়ার চেষ্টা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত সদস্যকে তাৎক্ষণিকভাবে মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন