কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, শ্বশুর ও তিন বছর বয়সী শিশুকন্যা রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এ আগুন লাগে।
নিহত কুষ্টিয়ার চারজন হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের তিন বছর বয়সী শিশুসন্তান শর্ণশীষ দত্ত এবং দেবাশীষ শ্বশুর কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।
নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, রাতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে হোটেলের একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। তারা হোটেলের ভেতর থেকে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা এএনআইর বরাতে জানিয়েছে, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুনে নিহত নয়জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট স্ত্রী ও মেয়েকে নিয়ে ভারতে যান দেবাশীষ। সেখানে কলকাতার পাশাপাশি তারা চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। ঘটনার দিন রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই হোটেলের মর্মান্তিক অগ্নিকাণ্ড কেড়ে নিল তাদের জীবন।
খুলনা গেজেট/এএজে

