মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে পরীক্ষার কেন্দ্রে এমপি, করলেন ফেসবুকে লাইভ

গেজেট প্রতিবেদন

শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়ে হলের ভেতর থেকে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান সংসদ সদস্য সেলিম ভূইয়া। এ সময় তিনি ‘অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি’ ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়।

ওই ফেসবুক লাইভে দেখা গেছে, সংসদ সদস্য সেলিম ভূইয়া হোমনা সরকারি কলেজের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। পরে পরীক্ষার হলের একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক এবং পরীক্ষার্থীদের অঙ্গভঙ্গিতে নির্দেশনা দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে সামনের কক্ষের দিকে যাচ্ছেন। এ সময় ক্যামেরার পেছনে থাকা কেউ একজন সংসদ সদস্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বর্ণনা করছেন। পরের কক্ষে সংসদ সদস্য সেলিম ভূইয়া প্রবেশ করে সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে চলে যান।

এ সময় সেলিম ভূইয়াকে প্রশ্ন করতে শোনা যায়- পরীক্ষা সহজ হইছে নাকি? কিছুক্ষণ পর সেই কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষের দিকে যেতে থাকলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এসে সালাম দিয়ে আমি প্রধান শিক্ষক বলতে থাকেন। এ সময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া তাকে আপনি আপনার কাজ করেন বলে তাকে চলে যেতে হাতে ইশারা দিতে দেখা যায়। কিছুক্ষণ পর আরেকটি কক্ষে প্রবেশ করে সোজা কক্ষের মাঝ বরাবর চলে যান। সেখানে পরীক্ষারত শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে বলে প্রশ্ন করেন। এভাবে ৮ মিনিট ৫৭ সেকেন্ড লাইভে সংযুক্ত থাকতে দেখা গেছে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে।

এদিকে একজন শিক্ষক নেতার এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন কুমিল্লার সচেতন মহল। সচেতন নাগরিকদের দাবি মন্ত্রীর নির্দেশ অনুযায়ী একজন সংসদ সদস্য হয়ে তিনি পরীক্ষা পরিদর্শনই করতে পারেন না, সেখানে কক্ষ থেকে লাইভ করে ভালো কাজ করেননি।

জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি মো. শাহ আলমগীর খান জানান, জনপ্রতিনিধি পরীক্ষার হলে প্রবেশ করলে এমনিতেই শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ে। সে কারণে শিক্ষামন্ত্রী হয়তো নির্দেশনা দিয়েছেন। সংসদ সদস্য হয়েও মন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন, এটা অপ্রত্যাশিত। মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়ে বসে থাকলে চলবে না। এটার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। আমি আশা করব জনপ্রতিনিধিরা বিষয়গুলো মাথায় রেখে ভবিষ্যতে এসব কাজ থেকে বিরত থাকবেন।

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তাজুল ইসলাম জানান, আমাকে একজন বলল এমপি স্যার এসেছেন, আমি তখন উনার সঙ্গে দেখা করতে যাই। পরে আমার প্রশ্নপত্রের কাজ ছিল বিধায় আমি চলে যাই। এরপর কী হয়েছে আর জানি না। ফেসবুক লাইভ এর বিষয়টি আমার জানা নেই। সংসদ সদস্যের সঙ্গে দুইজন ব্যক্তি ছিল, একজন সামনে থেকে ক্যামেরা ধরেছেন, আরেকজন পেছন থেকে ভিডিও করছেন এটা দেখেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার (সংসদ সদস্য) সঙ্গে আর কে ছিল, তা আমি খেয়াল করিনি।

এ বিষয়ে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, মন্ত্রী মহোদয়ের স্পষ্ট নির্দেশনা কোনো জনপ্রতিনিধি কাউকে সঙ্গে নিয়ে পরীক্ষার হলে পরিদর্শনে যাবেন না। সেখানে ফেসবুক লাইভ তো দূরের কথা। সংসদ সদস্য মহোদয় যদি এটা করে থাকেন, আমরা বোর্ড থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন