কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে সাফিন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সাফিন কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকার হাফিজুর রহমান হীরার ছেলে। সে স্থানীয় হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাফিন তার দুই বন্ধুর সঙ্গে বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে তিনজনই তলিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদী থেকে সাফিনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

