কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে চার শিশুর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। তাদের সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসলে নামে চার কন্যাশিশু। তারা সাঁতরে মাঝ নদীতে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করলে পানির স্রোতে ভেসে গভীর পানিত তলিয়ে যায়। এসময় খেয়া ঘাটে থাকা ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়াকে (৮) জীবিত উদ্ধার করলেও তাইফা (৭) ও সুরাইয়া (৮) এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা। তারা একে অপরের আত্মীয়।
উদ্ধার হওয়া শিশু সামিয়া জানিয়েছে, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে মাঝের চরের দিকে যাচ্ছিল। এমন সময় স্রোতে ভেসে যায় সবাই।
নৌকার মাঝি আব্দুর রশিদ জানান, দুপুরে নদীর ওসমানপুর ঘাটে শিশুদের সাঁতার কাটতে দেখে তিনি নৌকা নিয়ে এগিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। তবে আরেক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেছেন।
নিখোঁজ তাইফার খালাতো বোন আয়শা বলেন, চার শিশু একসঙ্গে নদীতে গোসলে নেমেছিল। নৌকার মাঝিরা দুইজনকে উদ্ধার করলেও তাইফাসহ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে, রাত ৮টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান চালানো হবে।
খুলনা গেজেট/এমএনএস

