বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

ইবি শিক্ষক হত্যাকাণ্ড, কর্মচারী ফজলুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপর্যুপরি ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ইমতিয়াজ সুলতান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এই অভিযোগ দাখিল করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় রুনার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

প্রাথমিক তদন্ত ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আসমা সাদিয়া রুনা সম্প্রতি সমাজকল্যাণ বিভাগের সভাপতি (চেয়ারম্যান) নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মচারী ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করার উদ্যোগ নেন। ধারণা করা হচ্ছে, এই বদলির ক্ষোভ থেকেই ফজলুর রহমান এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে এর পেছনে অন্য কোনও গভীর ষড়যন্ত্র বা কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ বিভাগীয় কক্ষে আসমা সাদিয়া রুনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ফজলুর রহমান। রুনাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ফজলুর রহমান নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আসমা সাদিয়া রুনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ক্যাম্পাসে ও পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন