কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে যুবক নিহত

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত অনিক উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী অ্যাম্বুলেন্স মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক অনিক হোসেন নিহত হন। তবে, দুর্ঘটনাকবলিত ওই অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০-শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন