মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শাবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জিয়া মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি জি.কে সাদিক। তিনি বলেন,’ শাবিপ্রবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে প্রশাসন ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। সারাদেশে যে অনিয়ম অবিচার চলছে তারই ধারাবাহিকতায় শাবিতে শিক্ষার্থীদের উপর এ হামলা। এই বিক্ষোভ থেকে আমি শাবিপ্রবি প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। অনতিবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি’।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক পিয়াস পান্ডে, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাস সহ অন্যান্য নেতা ও কর্মীরা।

উল্লেখ্য, প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। দাবি মেনে নিতে ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অর্ধশত শিক্ষার্থী ও এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন