মুজিববর্ষে মাথা গোঁজার ঠাঁই হচ্ছে খুলনায় পাঁচ হাজার গৃহহীন পরিবারের

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে খুলনার ৯ উপজেলায় অসহায়, ভূমিহীন ও গৃহহীন ছিন্নমুল মানুষদের মধ্যে মোট ৫ হাজার ৮৮ পরিবার ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তারা মাথা গোঁজার ঠাঁই পাবেন। প্রথম ধাপে ৯শত ২২ পরিবার ঘর পেয়েছেন। আগামী মাসের মধ্যে আরও ১ হাজার ৩৫১ পরিবার ঘর পাবে।

১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের পুর্নবাসনের কার্যক্রম শুরু করেন। মুজিববর্ষের শুরুতেই প্রধানমন্ত্রী ঘোষণা দেন এ বর্ষে কেউই গৃহহীন থাকবে না। সে আলোকে খাস জমির ওপর গৃহহীনরা ঘর পাচ্ছেন।

সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল খুলনা জেলা প্রশাসনের এক প্রকাশনায় বাণীতে উল্লেখ করেন, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন পরিবার পেয়েছে তাদের স্বপ্নের আবাসস্থল। শত শত গৃহ রয়েছে নির্মাণের অপেক্ষায়। গৃহহীন মানুষ খুঁজে পাবে তাদের শান্তির নীড়। অনুভব করবে রাষ্ট্রীয় অভিভাবকত্ব। জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন ঘর প্রদানের প্রথম দফায় উল্লেখ করেন, গৃহহীনদের ঘর দান প্রধানমন্ত্রীর বৈপ্লবিক ঘোষণা। গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রী রাজনৈতিক জীবনের সূচনা লগ্ন থেকে পিতার আদর্শে অটুট থেকে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দফা ঘর বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) জিয়াউর রহমান উল্লেখ করেন গৃহহীনদের ঘর প্রদান নিঃসন্দেহে মহৎ কাজ। সে আলোকে খাস জমির সংস্থান, গৃহ নির্মাণ করা হয়েছে।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম জানান, সাচিয়াদা ও সদর ইউনিয়নে ৪০টি গৃহহীন পরিবারকে দ্বিতীয় দফায় ঘর দেওয়া হচ্ছে। তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। প্রথম দফায় ঘর পাওয়া পাইকগাছা উপজেলার শিববাটি গ্রামের শামসুন্নাহার জানান, তাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রব ঢালী জানান, শীত ও বর্ষার দুর্ভোগ মোচন হবে, নতুন ঘর পেয়ে তারা শান্তিতে আছে।

বটিয়াঘাটা উপজেলার ভান্ডার পোল গ্রামের মোঃ হালিম শেখের স্ত্রী মানসুরা বেগম, টারিয়ামারা গ্রামের সাত্তার গাজী, মোঃ কামরুল গাজী, মোঃ সিরাজুল শেখ, মারুফা বেগম প্রধানমন্ত্রীর উপহার পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে বলেছেন, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন