রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ি নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন।

আজ (রবিবার) ভোররাতে লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়। তিনি রূপসার ইলাইপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় চালকের পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি নিহত এবং চালক গুরুতর আহত হন। চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থাও আশঙ্কাজনক।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন