খুলনা বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ২ জন মারা গেছেন, তাদের মধ্যে ১ জন খুলনা জেলার এবং ১ জন ঝিনাইদহ জেলার বাসিন্দা। চলতি বছরের জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা গেছে, নতুন ভর্তি ২৬৬ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন ও বেসরকারি হাসপাতালে ৪৭ জন। জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৯১ জন ভর্তি হয়েছেন খুলনা জেলায় (সরকারি ৪৪, বেসরকারি ৪৭)।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, বাগেরহাটে ৪২ জন, যশোরে ২৭ জন, ঝিনাইদহে ১৭ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ৯ জন, মেহেরপুরে ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মাগুরায় ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬৪৫ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৪৩৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৫ জন ভর্তি আছেন।
খুলনা গেজেট/এমএম

