বাড়ছে আক্রান্তের সংখ্যা, শয্যা ফাঁকা নেই

খুলনায় ভয়ানক রূপে ডেঙ্গু আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ভয়ানক রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। খুলনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে জানানো হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪৪ জনে। বর্তমানে খুলনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৪১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, আনোয়ারা বেগম (৬৬), মাহফুজ খান (২৭), রাবেয়া (৩৬), মাসুম বিল্লাহ (৪৮) এবং হনুফা বেগম (৫০)। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, প্রকৃত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেশি। বর্তমানে খুলনার বেসরকারি কোনো হাসপাতালেই শয্যা ফাঁকা নেই।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত আগস্ট মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরে ভয়াবহ রূপ ধারণ করে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৩০২ জন। এর মধ্যে ১০ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণ, জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন এবং পরিচ্ছন্নতা কাজে জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০টি শয্যা কিনে দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা মশারি বিতরণসহ নানা রকম কার্যক্রম পরিচালনা করছেন। আশা করছি, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি (২৮০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, বরিশাল বিভাগে ২০৪, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ১১২ ও রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০৫ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৪২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুরে ৪ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন