কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গেজেট প্রতিবেদন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া-কালিয়াকৈর সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা বংখুরীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন এবং চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল (১৪) নামের এক কিশোরকে মৃত ঘোষণা করেন।

নিহত আসাদুল বংখুরী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় আসাদুলের মা-বাবাও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আসাদুলের মাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এবং বাবাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আসাদুলের পরিচয় মিললেও নিহত অপর নারী ও পুরুষসহ দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা শাহআলম শিকদার জানান, দুজনের লাশ দীর্ঘ সময় ঘটনাস্থলেই পড়ে ছিল এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনি কার্যক্রম শুরু করেছে। হতাহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন