খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তিনটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ডেঙ্গুসহ সব ধরনের জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে।
স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী স্থানে এ মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ১৭ নম্বর ওয়ার্ডের সোনাডাঙ্গা আবু বক্কর খান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ক্যাম্পের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২টায় ২২ নম্বর ওয়ার্ডের রূপসা বেরিবাঁধ এলাকার আবু মাদরাসা ও এতিমখানায় এবং দুপুর সাড়ে ১২টায় ৩০ নম্বর ওয়ার্ডের টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করা হবে।
খুলনা গেজেট/এএজে

