জোয়ারের পানিতে প্লাবিত বারোআড়িয়া বাজার, বিপাকে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বারোআড়িয়া হাট বাজার জোয়ারের পানি প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার ভদ্রা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে ক্ষতির সম্মুখীন হয় সহস্রাধিক ব্যবসায়ী। নষ্ট হয়ে যায় লাখ লাখ টাকার পণ্যসামগ্রী।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার ভোর থেকে ঢাকা, খুলনা ও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক’শ ব্যবসায়ী বারোআড়িয়া হাট-বাজারে আসে। এখানে রয়েছে ছোট বড় কাপড়ের বাজার, কাঁচামালের বাজার, ছাগলের হাট, কাঠের হাট, চালের হাট, ফল ও বিচের দোকান, গুড়ের দোকানসহ পাইকারি ও খুচরা পণ্যে। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ জোয়ারের পানি বেড়ে গেলে মুহূর্তের মধ্যে বাজারের ভেতরে পানি ঢুকে পড়ে। এ সময় অনেক ব্যবসায়ী দ্রুত মালামাল সরিয়ে নিতে পারলেও বিপুল পরিমাণ পণ্য পানিতে তলিয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি করেছেন।

ব্যবসায়ী বিদ্যুৎ মল্লিক, অধীর মন্ডল, প্রশান্ত মন্ডল, ডাক্তার অসিত বরুন মন্ডল, মোবারক গাজী, মিন্টু অধিকারী, পলাশ মন্ডল, বিদেশ রায়, ডাক্তার ইন্দ্রজিৎ তরফদারসহ অন্যান্য ব্যবসায়ীরা বলেন, সরকার প্রতিবছর এ বাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও বাজার রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেই। ভদ্রা নদীর তীরবর্তী বাজারটিতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছরই জোয়ারের পানিতে ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দাবি, দ্রুত বাজার রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে বাজারটি বিলুপ্ত হয়ে যেতে পারে।

বাজার এলাকায় একটি জামে মসজিদ, মন্দির, পুলিশ ক্যাম্পসহ শতাধিক বসতবাড়িও রয়েছে। জোয়ারের পানি ঢুকে এসব স্থাপনাও ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন