আজ পর্দা নামছে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মাসব্যাপী বৃক্ষমেলার। শেষ মুহুর্তে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকার চারা বিক্রির অনন্য রেকর্ড গড়েছে। মেলা শুরুর পর থেকে সমাপনী দিন পর্যন্ত সর্বমোট চারা বিক্রির এই অর্থনৈতিক মাইলফলক অর্জিত হয়, যা বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
মেলা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এই বৃক্ষমেলায় এ বছর রেকর্ড সংখ্যক দেশি-বিদেশি ফলদ, বনজ ও ওষুধি চারা বিক্রি হয়েছে। মেলার শেষ মুহুর্তে বৃক্ষপ্রেমীদের বিপুল সাড়া মিলেছে। গত রবিবার একদিনে ২ হাজার ৮২৩টি চারা বিক্রি হয়েছে, যার মূল্য চার লাখ ১৮ হাজার ৫৯০ টাকা। মেলার শুরু থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে। যার মোট বিক্রিমূল্য ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা। গত বছরে পুরো মেলা জুড়ে ৪৩ হাজার ৭২১টি চারা বিক্রি হয়েছিল, যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৮৪ হাজার টাকা। সেই তুলনায় চলতি বছরের মেলায় চারা বিক্রির সংখ্যা এবং মোট লেনদেন উভয় ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে।
মেলার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মোঃ জাকির হোসেন জানান, নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বৈচিত্র্যময় চারার সহজলভ্যতার কারণেই মেলার এই সাফল্য। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেলা শেষ হবে।
খুলনা গেজেট/এনএম

