উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির ঘর লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে তিনটার দিকে দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরে কয়েকটি গুলির শব্দ পান স্থানীয়রা। এরপর তারা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির বাড়িতে যান।
উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সি বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি গুলির শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। বাড়িতে অনেক মানুষের ভিড় ছিল তখন। এরপর বুঝতে পারি আমার ঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, যুবদল নেতার ভাই সোহরাব মুন্সি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্যের উপজেলা প্রতিনিধি। তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত সাংবাদ প্রকাশ করতেন। তাছাড়া বিভিন্ন স্থানে বিচার-শালিস করতেন। মূলত তাকে ভয় দেখানোর জন্য গুলির কারণও হতে পারে বলে হতে পারে বলে তারা জানিয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, গুলি বর্ষণের ঘটনায় যুবদল নেতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম

