শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩
​নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ

খুলনার উন্নয়ন ও নাগরিক স্বার্থই আমার সর্বোচ্চ অঙ্গীকার : কেসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। রাস্তাঘাট এমনকি বসতঘরও পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। শুক্রবার (১৯ জুন) সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ ও ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

একই সঙ্গে স্বল্প সময়ে নগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আপনাদের যে দুর্ভোগ ও ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ণ এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে জমে থাকা এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। আমি দায়িত্ব গ্রহণ করেছি মাত্র তিন মাস আগে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই স্বল্প সময়ে নগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেসিসি প্রশাসক লেখেন, আমি খুলনাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করছি। ইনশাল্লাহ, আগামী বছর থেকেই আপনারা এই উদ্যোগগুলোর ইতিবাচক ফল দেখতে পাবেন এবং একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত খুলনা গড়ে তোলার পথে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হব।

সবশেষে তিনি বলেন, খুলনার উন্নয়ন ও নাগরিক স্বার্থই আমার সর্বোচ্চ অঙ্গীকার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন