শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে শিববাড়ী মোড়ে মানববন্ধন, দ্রুত শা‌স্তি দা‌বি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১৯ জুন) সকালে শিববাড়ী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘খুলনা জাগ্রত তরুণ সংঘ’।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। গৃহকর্মীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রায়হান তামিম বলেন, অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নেই। অপরাধীর কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নেই; সে শুধু অপরাধী। আমরা জড়িত পুলিশ দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) প্রতি ধন্যবাদ জানিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় উপদেষ্টা শিশির রঞ্জন মল্লিক, নূর হাসান জনি ও হোসেন মোহাম্মদ বাচ্চুসহ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম নেতা সাগর হাওলাদার। এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য : ​ইরান শেখ, মো. ইমন বিশ্বাস, ইব্রাহিম হালদার বাবু, ​মো. জাহিদুর রহমান, শুভ, মো. জিসলান রায়হান রবিন, মো. আরমান শেখ, মো. আল-আমিনসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ সর্বস্তরের জনগণ।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্যাতিত গৃহকর্মী ন্যায়বিচার না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন