খুলনার পাইকগাছায় নয়ন (১৮) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গদাইপুরের বাইশার আবাদ আশ্রয়ণ প্রকল্পে নিজ ঘরের আড়ার সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
নিহত নয়ন ওই এলাকার নাসির গাজীর ছেলে। তার মা মনোয়ারা বেগম।
স্থানীয়রা জানায়, নয়ন অত্যন্ত ভালো ছেলে ছিল। তবে এই মৃত্যুর পেছনে তারা পারিবারিক কলহকেই মূল কারণ।
এদিকে বিকেলে থানায় পৌঁছে একমাত্র ছেলের নিথর দেহ দেখে মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। নয়নের বাবা পরিবারের সাথে থাকেন না এবং মা কাজের সন্ধানে খুলনায় ছিলেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছেন। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

