সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন আহত, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরীর খুলনা থানাধীন জোড়াগেট এলাকার সূর্যগাছীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাসিবুর রহমান আছিব (২১), আসলাম (৩৬), মো. বাপ্পি শেখ (৩৫) ও ঝুমু আক্তার (২৬)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৮টার দিকে এ মামলার আসামি সুমন ভিকটিম হসিবুর রহমান আছিবকে জরুরি কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে আটক রেখে লোহার রড ও কাঠের বাতা দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এরপর ভোর রাত ৫টার দিকে আসিব পালিয়ে বাড়িতে চালে আসে। বাড়িতে ফিরে আসার খবর জানতে পেরে সুমনসহ অন্যান্য দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আছিবের বাসায় প্রবেশ করে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আছিরেব দুলাভাই আসলাম ও তার ভাই বাপ্পিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। এসময় ফারুক সরদারের হাতে থাকা চা-পাতি দিয়ে আসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এছাড়া বাপ্পি শেখকে কাঠের বাতা দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। ঝুমু আক্তারের চুলের মুঠি ধরে ফেলে দেয় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। তাদের হাতে থাকা ছুরি দিয়ে ঝুমু আক্তারের বাম হাতে পোচ দেয়। পরে তারা আছিবের ঘরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আছিবের ভাবি ঝুমু আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানায়, হামলার ঘটনার সাথে ফারুখ শিকদার ও জিম সাদী নামে দু’জন দুর্বৃত্ত জড়িত রয়েছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের নেতৃত্বে এলাকায় প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনা পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি।

এ ঘটনায় ৪জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ হামলা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার মন্টুর কলোনির জামালের ছেলে সুমনকে গ্রেপ্তার করেছে।

খুলনা থানার এসআই সাত্তার জানান, ‘পুলিশ এ হামলার ঘটনায় সুমন নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় আছিবের ভাবি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন