ডুমুরিয়ার মাগুরাঘোনায় মৎস্য ঘের জবর দখলের চেষ্টা ও বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে বোরো ধান ক্ষেত নষ্ট করা হয়েছে। ওই এলাকার রাজু শেখসহ তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরাঘোনা এলাকার মৃত জাহান আলী সরদারের ছেলে আব্দুল সামাদ ও খালেক সরদার দু’ভাইয়ের পৈতৃক সূত্রে প্রাপ্ত সাড়ে ৮ বিঘা জমি ও ডিসিআর মূলে ৩ বিঘাসহ মোট সাড়ে ১১ বিঘা জমিতে ধান ও মাছর চাষ করে আসছিলেন। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তি কথিত বিএনপি নামধারী নেতা আঃ রাজ্জাক শেখের ছেলে রাজু শেখ, ইরফান শেখের ছেলে আঃ হাই শেখ ও আঃ হালিম শেখসহ অজ্ঞাত ৭/৮ জন ব্যক্তি ওই মাছের ঘেরটি জবর দখল করে নেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে গত ২৮ মার্চ ওই ঘেরের বাঁধ কেটে দিয়ে ভিতরে লোনা পানি ঢুকিয়ে দেয়। এর ফলে ঘেরের মধ্যে চলতি মৌসুমি আবাদী বোরাধান ক্ষেতের মধ্যে থেকে ৩ বিঘা জমির ফলন্ত ধান গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ধানের ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বে একইভাবে একটি মৎস্য ঘের জবর দখলের ঘটনায় রাজু শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। জামিনে মুক্তি পেয়ে সে তার দলবল নিয়ে আবারও অন্যের মৎস্য ঘের জবর দখল চেষ্টা চালাচ্ছে। এর প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী আব্দুল সামাদ সরদার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও ডুমুরিয়া থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
ঘটনা প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার জানান, ‘লবণ পানি ধান ক্ষেতে প্রবেশ করানো এবং ফলন্ত ধান গাছের ক্ষতি সাধন আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা গেজেট/এনএম

