শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

ঝুঁকিতে খুলনার বোরো ক্ষেত

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহ খানেক পরে জেলায় বোরো কাটা শুরু হবে। কৃষি উপকরণের উচ্চমূল্যের পর ধার দেনা করে জেলার কৃষক বোরো আবাদ করে। ৬৫ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। কৃষি শ্রমিকের মজুরিসহ ধানের আবাদে এবারের খরচের পরিমাণ বেশি ছিল। কালবৈশাখি ও দাবদাহে আবহাওয়ার পূর্বাভাসের পর জেলার কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৈশাখের আগেই ঘূর্ণিঝড় বইবে। দাবদাহ বাড়তে পারে। জেলার গত বুধবারের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। গেল মৌসুমে শিলাবৃষ্টি হওয়ায় তরমুজ ও তিলের ক্ষতি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে, জেলায় ৬৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর কম জমিতে আবাদ হয়। কৃষকদের সূত্র বলেছে, সার সংকট না থাকলেও ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয়। মধ্যপ্রাচ্যে ৩৯ দিনের যুদ্ধের কারণে জ্বালানি সংকট পড়ে। ফলে সেচ যন্ত্র চালু রাখা সম্ভব হয়নি। তাছাড়া কৃষি শ্রমিকের পারিশ্রমিক দৈনিক ৬০০ টাকার স্থলে ৮০০ টাকা হয়। সার্বিকভাবে গতবারের চেয়ে এবারে উৎপাদন খরচ বেড়ে যায়। এপ্রিলের শেষ দিক থেকে উপজেলা পর্যায়ে ডিজেল পাওয়া যায়নি। এত কষ্টের পর জেলার কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েছে। বুধবার দিন শেষে রাতে মাঝারীধরণের বৃষ্টিপাত হয়। খুলনায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাইকগাছার গদাইপুর, কয়রার অন্তাবুনিয়া, ডুমুরিয়ার গুটুদিয়া, শাহপুর ও চুকনগরে বোরো ক্ষেতে পানি জমেছে।

দাকোপ উপজেলার কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ০.৫ মিলিমিটার বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। যদি আগামীতে দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাত হয়। প্রাকৃতিক দুর্যোগ হলে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। গত বছর শিলাবৃষ্টিতে তরমুজ আবাদের ক্ষতি হয়। সে কারণে কৃষক বোরো চাষে ঝুঁকে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস জেনে উপজেলার দুই হাজার কৃষক আতঙ্কে আছে।’

ডুমুরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, বেশি বোরো আবাদি জমি ডুমুরিয়া উপজেলায়। এবারে ২২ হাজার ১৩২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।’ কাঙ্খিত ফলন হবে বলে কর্মকর্তা আশাবাদী।

তিনি বলেন, বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতার কারণে বোরো আবাদ কমে গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন