বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

খুমেক হাসপাতা‌লে ১০ মাসের শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ স্বজনদের

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার আশায় খুলনায় আনা হয়েছিল ১০ মাসের শিশু শামীমকে। তবে সেই আশা আর পূরণ হলো না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক ও সেবিকার অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে প্রথমে শামীমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়।

শামীমের স্বজনদের অভিযোগ, খুলনা মেডিকেলে ভর্তির পর চিকিৎসায় ছিল চরম অবহেলা। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সেবিকারা সময়মতো শিশুটির খোঁজ নেননি। প্রয়োজনীয় চিকিৎসাও ঠিকভাবে দেওয়া হয়নি। তাদের দাবি, এ অবহেলার কারণেই শামীমের মৃত্যু হয়েছে।

ঘটনার পর হাসপাতালে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন