গেল ১৮ ফেব্রুয়ারি খুলনা মহানগরীতে গরু ও ছাগলের মাংস, ডিম ও ব্রয়লার মুরগির খুচরা বিক্রি মূল্য নির্ধারণ করে দিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তবে সেই নির্দেশনা মানছে না নগরীর বিভিন্ন মাংস বিক্রেতারা। বাড়তি ৫০ থেকে ১০০ টাকায় গরুর মাংস এবং ২০-৪০ টাকা ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ক্রেতাদের। গতকাল বুধবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কেসিসি নির্ধারিত ৭৪০ থেকে ৭৫০ টাকার গরুর মাংস ৮০০-৮৫০ টাকায় এবং প্রতিকেজি ১৮০ টাকার ব্রয়লায় মুরগি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা নির্ধারণ করা হয়। আর বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।
মাংস কিনতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি হচ্ছে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতিকেজি গরুর মাংস কিনতে আমাদের দিতে হচ্ছে ৮৫০ টাকা।
সাবেক স্কুল শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, তালিকায় ৭৫০ টাকা থাকলেও কিনতে হচ্ছে ৮৫০ টাকায়। আমরা দেখি যখনই কোনো অভিযান চলে কিছু সময়ের জন্য সব ঠিকঠাক চলে। পরবর্তীতে ব্যবসায়ীদের ইচ্ছামতই পূর্বের জায়গায় তারা ফিরে যায়। এ বিষয়ে স্থায়ী সমাধানের প্রয়োজন।
খাসির মাংস বিক্রেতা সুমন বলেন, প্রতি কেজি খাসি ১১০০ থেকে ১২০০ টাকা মধ্যে বিক্রি করছি আমরা।
মুরগি বিক্রেতা সুজন জানান, গত দুই সপ্তাহ ধরে ২০০ টাকা দরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে। কাঁচামাল নির্ধারিত দরে বিক্রি হয় না। সকালে একদাম থাকে, সন্ধ্যায় আর এক দাম হয়। কেসিসি’র দর সম্পর্কে তার কোনো ধারণা নেই।
খুলনা গেজেট/এনএম

