বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

বছর ঘুরে এলো খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ ঈদ মানেই পরম আনন্দ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।

আজ বৃহস্পতিবার রমজানের ২৯তম দিনে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে নাড়ির টানে নিজ নিজ গ্রাম-গঞ্জে ছুটছে মানুষ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে স্বজনদের সাথে ঈদ আনন্দে অংশ নেবেন তারা। ঈদের দিন পরিবারগুলোতে সাধ্যমতো ভালো খাবার রান্নার চেষ্টা করা হবে। শিশুরা নতুন পোশাক পরে বেড়াতে যাবে নিকটাত্মীয়দের বাড়িতে। ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল-অজু করে দিনের শুরুতে সেমাই, মিষ্টিমুখ করে মুসল্লিরা যাত্রা শুরু করবেন ঈদের জামাতে অংশ নিতে। নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে বুকে বুক মেলাবেন। নামাজ আদায় শেষ করে মুসল্লিরা যাবেন কবরস্থানে প্রিয়জনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। কবরস্থান থেকে মুসল্লিরা বাসায় ফিরে খাবার খেয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদ মানে আত্মীয়-স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডা। এ উৎসবে মুসলমানরা ঈদগাহে কোলাকুলি ও করমর্দন করে থাকেন। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ। ঈদ মানে ভোগান্তিকে সঙ্গী করে নাড়ির টানে গ্রামের বাড়িতে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্রিত হওয়া।

ইসলামী চিন্তাবিদদের মতে, পূর্ণমাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমান জাতির প্রতি মহান আল্লাহ তায়ালার এক বিরাট নিয়ামত। এই উৎসবেই ধনী-গরিব, শত্রু-মিত্র সবাই ভালোবাসা-মমতার বাহুডোরে অনাবিল আনন্দ-উৎসবে মিলেমিশে যায়। নজরুলের ভাষায়, ‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,/তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।/ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন