রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে শনিবার (১৪ মার্চ) থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে খুলনায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে জনগণ স্বপ্রণোদিত হয়ে এতে অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নগরীর নর্দমা পরিষ্কার করবে। তবে নর্দমা বা জলাশয়ে কেউ যেন বর্জ্য না ফেলেন, সে বিষয়ে সচেতন থাকা জনগণের দায়িত্ব। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।

কেসিসির এই বিশেষ উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফুলের টব, ড্রাম, অব্যবহৃত বালতি বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই মরণঘাতী রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, মো. অহিদুজ্জামান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুরসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন