সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

ব্যবসায়ী সুজনের নিখোঁজ রহস্যের ধোঁয়াশা কাটেনি, জিডি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা কাজী নিজাম উদ্দিন সুজন নিখোঁজের জিডি প্রত্যাহার করে নিয়েছে তার পরিবার। গতকাল রবিবার সুজনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবদুস সোবহান খুলনা সদর থানায় জিডি প্রত্যাহারের আবেদন করেন। পুলিশ তা গ্রহণ করে। এর মধ্য দিয়ে তার নিখোঁজের আনুষ্ঠানিকতা শেষ হলো। তবে তিনি নিখোঁজ ছিলেন না স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

পরিবারের সদস্যরা জানান, গত ২১ ফেব্রুয়ারি কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) তারাবির নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যান। ওই রাতে তিনি আর ফিরে আসেন নি। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে ২২ ফেব্রুয়ারি খুলনা থানায় জিডি করে তার বাবা। তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এ ঘটনায় তার সন্ধান দাবিতে ২৫ ফেব্রুয়ারি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে পরিবারের সদস্যরা এক আবেগঘন পরিবেশ তৈরি করেন। কিন্তু এরপরও সুজনের সন্ধান না পাওয়ায় ১ মার্চ জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। এরপর গত ৩ মার্চ রাতে অজ্ঞাত একটি ফোনে পাওয়া সংবাদে ফরিদপুরের ভাঙা থেকে সুজনকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এরপর থেকে তিনি ঢাকায় বসন্ধুরা আবাসিকের বাড়িতে রয়েছেন।

খুলনার সদর থানার এস আই জুয়েল রানা বলেন, খবর পেয়ে ৪ মার্চ রাতে আমি ঢাকায় তাদের বাড়িতে যাই। সারারাত থেকে পরদিন ফিরে আসি। তার সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়নি। আর নিখোঁজ জিডি তুলে নেওয়ায় তদন্ত কার্যক্রমও শেষ হয়ে গেছে। এখন তার বিষয়ে পুলিশের কিছু করনীয় নেই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন