শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

দু’বছরেও শেষ হয়নি মিস্ত্রিপাড়া খালপাড় সড়কের নির্মাণ কাজ, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

নির্মাণ শুরুর দু’বছর অতিবাহিত হলেও শেষ হয়নি নগরীর ২৭ নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া খালপাড় সড়কটি। রাস্তার পূর্বের পিচ ঢালাই তুলে খোয়া দিয়ে রাখায় সীমাহীন জনদুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, মিস্ত্রিপাড়া খালপাড় সড়ক ও ড্রেন নির্মাণের জন্য ২০২২ সালে টেন্ডার হয়। টেন্ডারে ড্রেনের কাজ পান ঠিকাদার খলিল ও সড়কের কাজ পান মোকাম্মেল হোসেন। ঠিকাদার খলিল দীর্ঘ ২ বছর ধরে ড্রেনের কাজ শেষ করেন। এতে সৃষ্টি হয় জনদুর্ভোগ। পরবর্তীতে সড়কের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘদিন যাবৎ সড়কে বালি-খোয়া ফেলে রাখা হয়েছে। এ সড়কের পর দোলখোলা, পূর্ব বানিয়াখামার এবং মিস্ত্রিপাড়া আরাফাত মসজিদের সড়কের কাজ শুরু হলেও ইতোমধ্যে কার্পেটিংও সম্পন্ন হয়েছে। অথচ মিস্ত্রিপাড়া খালপাড় সড়কটি এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে।

মিস্ত্রীপাড়া খালপাড়া রোড এলাকার বাসিন্দা জিএম নূরউজ্জামান বলেন ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু সড়ক খারাপ থাকার কারণে নিরালা ঘুরে জিলা স্কুল সেন্টারে যেতে হয়েছিল। ফলে একদিকে যেমন রিকশা ভাড়া বেশি গুনতে হয়েছে; অন্যদিকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

এলাকার ক্রোকোরাইজ ব্যবসায়ী শিহাব বলেন, ‘সড়কটি খারাপ থাকার কারণে দোকানে ঠিকমতো খরিদ্দার আসে না। ফলে বিগত কয়েক বছর যাবৎ ব্যবসা বাণিজ্যে খুব মন্দা অবস্থা বিরাজ করছে।’

একই এলাকার বাসিন্দা মুজিবর রহমান বলেন ‘ঠিকাদারের খামখেয়ালিপনার কারণে সড়ক দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। কেউ অসুস্থ হলে এ্যাম্বুলেন্সে নেওয়ার সময় ওই রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমাদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই।’

এ ব্যাপারে ঠিকাদার মোকাম্মেল হোসেন বলেন, ‘ওয়াসার স্যুয়ারেজ লাইনের কাজ চলমান থাকায় সড়কের নির্মাণ কাজ শেষ করতে বিলম্ব হয়েছে। আগামি শনিবার থেকে কাজ শুরু হবে।’ কেসিসির দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী লিমন জানান, ‘খুব শিগগির কাজ শুরু হবে।’

কেসিসির দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী লিমন জানান, ‘খুব শিগগির কাজ শুরু হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন