বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

প্রথম ভোট, স্মৃতি ধরে রাখতে তরুণ-তরুণীদের চলছে ‘সেলফিং ট্রেন্ড’

নিজস্ব প্রতিবেদক

একসাথে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-দ্বৈত ভোটের এই দিনে শুধু ব্যালট নয়, কেন্দ্রের বাইরে দেখা গেছে সেলফির ঝলকও। ভোটাধিকার প্রয়োগের পর অনেক তরুণ-তরুণী বন্ধুদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে। স্থানীয়ভাবে এই প্রবণতাকে অনেকে বলছে-‘সেলফিং ট্রেন্ড’।

খুলনা-২ আসনের গোবরচাকা ন্যাশনাল স্কুলের কেন্দ্রে সকাল থেকেই ছিল ভোটারদের ভিড়। ভোট দিয়ে বের হয়ে কলেজ ছাত্ররা ফাইম (২১), রাতুল (২১) ও ফাহাদ (২৫) বলেন, আজকের দিনটা স্পেশাল। ভোট দিয়েছি, তাই একটা সেলফি তো চাই-ই। এটা স্মৃতি হয়ে থাকবে।

প্রথমবার ভোট দেওয়া ছাত্রী রিমি (১৯) বলেন, আমরা কেন্দ্রের ভেতরে কোনো ছবি তুলিনি। বাইরে বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলেছি শুধু আনন্দের জন্য।

নির্বাচন কর্মকর্তারা বলেন, ভোটকক্ষের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মামুনুল আবেদীন বলেন, ভোটের গোপনীয়তা রক্ষায় আমরা কঠোর। ভেতরে মোবাইল ব্যবহার করা যাবে না। বাইরে ব্যক্তিগতভাবে ছবি তোলার বিষয়টি আলাদা।

কেন্দ্রে দায়িত্বরত মহিলা পুলিশ সদস্য বলেন, শৃঙ্খলা বজায় রাখতে আমরা নজরদারি করছি। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

মো. ফতেয়াল মুন্সি নতুন ভোটারদের মন্তব্য করেন, তরুণদের উৎসাহ দেখে ভালো লাগছে। তবে নিয়ম মেনে চলা জরুরি। ভোটের গোপনীয়তা যেন নষ্ট না হয়।

স্থানীয়দের মতে, তরুণদের এই অংশগ্রহণ ইতিবাচক। তবে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার আগে নির্বাচন আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন