শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

১৮ দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী ২দিন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে। গতকাল সোমবার প্রচারণার শেষ দিনে নগরীতে বর্ণাঢ্য মিছিল, শোডাউন, প্রতীক সম্বলিত প্যানা আচ্ছাদিত যানবাহনের শোভাযাত্রা বের হয়। দলীয় কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। গতকালের আকর্ষণীয় কর্মসূচি ছিল খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে লক্ষ্য করে পিটিআই মোড়ে পুষ্প বৃষ্টি। লাল সবুজের মিশ্রণে শাড়ি পরা শহিদ জিয়ার সৈনিক নারীদের বর্ণাঢ্য মিছিল।

সকাল ৯টার দিকে পিটিআই মোড়ে পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে সমর্থকরা দলীয় প্রার্থীকে বরণ করে। এসময় অন্যান্যের মধ্যে এ আসনের প্রার্থী ছাড়া সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মুরাদ ও আরিফুজ্জামান অপু উপস্থিত ছিলেন। বিভিন্ন ভবন, দোকান ও পথচারীরা প্রার্থীকে স্বাগত জানান। দলীয় প্রার্থী ভোটারদের সমর্থন কামনা করেন।

বিকেল ৩টার দিকে রূপসা ট্রাফিক মোড় থেকে ধানের শীষের প্রতীকী হাতে নিয়ে একটি শো-ডাউন বের করেন দলীয় নেতা-কর্মীরা। প্রার্থীকে নিয়ে কর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলালকে সাথে নিয়ে নেতা-কর্মীরা বিশাল শো-ডাউন বের করে। শিববাড়ি মোড় হয়ে হোটেল র‌্যয়েল মোড়ে এসে শেষ হয়।

এ অঞ্চলের রাজনীতিতে এ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা পরবর্তী মুসলিম লীগ প্রধান খান-এ-সবুর, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পাকিস্তান শাসনামলে কৃষক-শ্রমিক প্রজা পার্টির প্রধান শেরে এ বাংলা একে ফজলুল হক উপনির্বাচনে এ আসনে জয়ী হন। ডান ও বাম রাজনীতির বিকাশের লক্ষ্যে এ আসনটি সবাই ধরে রাখতে চায়। বামেরা কাখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। মূলত এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এবারে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের অনুপস্থিতি। তাদের সমর্থন নিয়ে অনেকেই চিন্তিত। নির্বাচনের শেষ মুহূর্তে নানা জল্পনা-কল্পনা চলছে। প্রচারণার ক্রান্তি লগ্নে দলীয় সমর্থকরা বিকেলে পর থেকে দুয়ারে দুয়ারে ছুটেছেন। ভোটার স্লিপ পৌঁছে গেছে বাড়িতে বাড়িতে। ভোট কেন্দ্রের দুইশ’ গজের বাইরে দলীয় প্রার্থীদের নির্বাচনি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার কাঙ্খিত নির্বাচন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন