বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নির্বাচনে ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান তথ্য অফিসার

গেজেট প্রতিবেদন

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামের প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

অনলাইনে যুক্ত হয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্বে যেসব নতুন ও নারী ভোটার ভোট দিতে পারেননি, তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এবারের নির্বাচনের মাধ্যমে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সকলের অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজন সহজ হবে। এ সময় তিনি ভোটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভোটদানে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, নির্বাচনের সময় একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করা সম্ভব। এবারের নির্বাচন জনআকাঙ্ক্ষা পূরণের একটি সুবর্ণ সুযোগ। তারা উপস্থিত সকলকে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভোটদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. লুৎফর রহমান প্রধান, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল, গুপ্তমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র গাইন ও সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় নারী ও পুরুষ ভোটাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য নির্বাচনবিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন