মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩
খুলনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

‘দেশের আইনে বিচার-সালিশ করার অধিকার কোন মানবাধিকার সংগঠনকে দেয়া হয়নি’

 নিজস্ব প্রতি‌বেদক

মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করতে চাই। মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন সব সময় কাজ করে যাচ্ছে। দেশের মানবাধিকার সমুন্নত রাখার দায়িত্ব সরকারের। তবে মানবাধিকার কমিশন এক্ষেত্রে সরকারকে পরামর্শ প্রদান করে থাকে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের মানবাধিকার রক্ষায় সকল জেলায় এবিষয়ক কমিটি রয়েছে। মানবাধিকারের নাম ভাঙ্গিয়ে অনেকে অবৈধ কাজ করে। দেশের আইনে বিচার-সালিশ করার অধিকার কোন মানবাধিকার সংগঠনকে দেয়া হয়নি। তা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান সেটা করে। চাকুরির মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে তারা তরুণদের প্রতারিত করে। প্রকৃতপক্ষে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এই কাজ শেষ হলে জানা যাবে কোন প্রতিষ্ঠান কোথায় কাজ করছে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, কেএমপি’র অতিরিক্ত পুুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন