সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ‎রবিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।

জানা গেছে, মোট পাঁচজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রবিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে তিনজন ধরা পড়ে। দুইজন পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক তিনজন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফ হেফাজতে সুস্থ আছেন।

বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে ভারতের ভেতরে বিএসএফের হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন