ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-৩ আসনে বাড়ছে উত্তেজনা ও শঙ্কা। এই সংসদীয় আসনটি দুই উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৬৬ কেন্দ্র ও ৭৭৯টি বুথে নেওয়া হবে সংসদ ও গণভোট। এই কেন্দ্রগুলোর মধ্যে ২৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন প্রশাসন। তবে নিরাপত্তায় কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহ্লাদ রায় বলেন, কোটচাঁদপুর-মহেশপুর এ দুই উপজেলা নিয়ে ঝিনাইদহ-৩ সংসদীয় আসন। এ দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। যার মধ্যে ২ লাখ ১৭ হাজার ৪শ’ ৭০ জন পুরুষ আর ২ লাখ ১৩ হাজার ৫শ’ ৪২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এ সব ভোটাদের ভোট নেওয়া হবে ১৬৬টি কেন্দ্রের ৭৭৯টি বুথের মাধ্যমে। যার মধ্যে মহেশপুরে রয়েছে ১১২টি ও কোটচাঁদপুরে রয়েছে ৫৪টি কেন্দ্র।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ভোটের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ উপজেলায় ১৮টি কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনের দিনগুলোতেও পরিস্থিতি ভাল থাকবে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, মহেশপুরে ১১২টি ভোট কেন্দ্র। এরমধ্যে ১০টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। ওইসব কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ ছাড়া যে সব কেন্দ্রে বাউন্ডারি নাই,সে সব কেন্দ্রে তাঁর-কাটার ব্যবস্থা করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

