যশোরে যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ ১৮ মামলার আসামি ও যশোর যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবুকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতনকেও আটক করা হয়।

বুধবার দিবাগত রাত একটার দিকে শহরের মনিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। তিনি জানান, দাঁতাল বাবু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দাতাল বাবুর বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৮টি মামলার খোঁজ মিলেছে। এসব বিষয়ে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন