দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের আট জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কক্সবাজার ও নেত্রকোনায় চারজন করে নিহত হয়েছেন। এছাড়া যশোর, গোপালগঞ্জ, ফেনী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ এবং নওগাঁয় একজন করে নিহত হন।
জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও জিপের (স্থানীয় জিটু গাড়ি) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হন। নিহত ও আহতদের সবাই জিপের যাত্রী। বৃহস্পতিবার সকালে মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৫), একই উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯) এবং নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)। আহতদের সবাই জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই মো. সামছুজ্জামান জানান, কক্সবাজার অভিমুখী লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই লোকাল জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটি পাশে ছিটকে পড়ে এবং গাড়িটিতে থাকা ৯ যাত্রী গুরুতর আহত হন।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে মারা যান। অপর তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও জিটু গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নেত্রকোনায় নারীসহ নিহত ৪
নেত্রকোনায় পিকআপ ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় তিন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এসব হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক-পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বেনাপোলে মাদরাসা শিক্ষক নিহত
যশোরের বেনাপোলে লোহার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ইছাপুর দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিম হোসেন ও ফজলু রহমান মোটরসাইকেলে করে গোগা থেকে কাগজপুকুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। তারা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিলবোঝাই ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ফেনীতে নিহত ১
অন্যদিকে ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় ধাক্কায় জুয়েল দাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মুহুরীগঞ্জে অবস্থিত পিএইচপি কোম্পানিতে চাকরি করতেন। এ ঘটনায় একটি মাইক্রোবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চালক সাইফুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকবাল অ্যান্ড সন্স সিএনজি কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ভগিরথ দালাল বাড়ির মতিলাল দাসের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুয়েল দাস সিএনজি পাম্পের সামনে গ্যাসের জন্য পার্কিং করা গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। একই সময় কাভার্ডভ্যানটি একটি মাইক্রোবাসে ধাক্কা দেন। মুহুরীগঞ্জ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জে বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের চাপায় মো. রাজু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে জালকুড়ি কড়ইতলা এলাকায় সাইনবোর্ড-চাষাঢ়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া চাঁদপুর সদর থানার বিশনন্দী গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি রাব্বানী নগর এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টায় রাজু মিয়া সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান।
মুন্সীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি বয়লার মুরগির ব্যবসা করতেন।
ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রেইলারটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
নওগাঁয় যুবক নিহত
এছাড়া নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল তিগ্গা পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাযউতাড়া এলাকার বিরশা তিগ্গার ছেলে। তিনি কৃষি কাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে শ্যামল তিগ্গা পার্শ্ববর্তী সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার যানটিকে জোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক।
গোপালগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম উপজেলার বড় বনগ্রামের বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চেম্বার সভাপতি ও স্ত্রীসহ আহত ৪
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. আবু বকর ছিদ্দীক, তার স্ত্রীসহ চারজন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাড়াইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে রাজশাহী যাওয়ার পথে মাছবাহী একটি পিকআপ আবু বকর ছিদ্দীকের প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তাঁর স্ত্রী কামরুন নাহার (৫৫), সফরসঙ্গী মো. লুৎফর রহমান (৫৮) ও চালক আকবর আলী (৫৫) আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে লুৎফর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আবু বকর ছিদ্দীক, তার স্ত্রীসহ তিনজনকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

