যশোরের অভয়নগর উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশিয়ার রহমান গাজী (৬৫) নামে এক ভ্যান আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বারান্দি হোগলাবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে এক মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মৃত মশিয়ার রহমান গাজীর ছোট ভাই তবিবুর রহমান জানান, আজ তার বড় ভাই ও ভাবি ভ্যানে করে পাচাকড়ি কালিবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বারান্দি হোগলাবন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার বড় ভাই মারাত্মক জখম ও রক্তাক্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই সংঘর্ষে ভ্যানে থাকা মশিয়ার রহমানের স্ত্রী মাহফুজা বেগমের পা ভেঙে গেছে। এছাড়া আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত তিনজনের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর (রেফার) করেছেন।
খুলনা গেজেট/এএজে

