যশোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মিনি পিকআপের ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন- একই এলাকার তাপস মজুমদারের ছেলে অনিক (২৩) এবং জিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি মিনি পিকআপ হামিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা ৩ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, আহত অনিক ও জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম

