যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের শিলের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মশরহাটি গ্রামের ভাঙ্গাগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের ছাত্তার মণ্ডলের মেয়ে। তিনি স্বামী জহুরুল ইসলাম ও মেয়ে শিরিনাকে নিয়ে অভয়নগরের মশরহাটি গ্রামের ভাঙ্গাগেট এলাকায় নাজমুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে মেয়ে শিরিনা খাতুন ঘরে থাকা শিলের নোড়া দিয়ে মা সাহানা বেগমের মাথা ও মুখে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির মালিক নাজমুল ইসলাম সোহেলের স্ত্রী ডলি খাতুন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানান্তর করার আগেই হাসপাতাল প্রাঙ্গণেই তার মৃত্যু হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে

