যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়ার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার পাঁচ বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)।
আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সৌভিক সাহার কাকা মিঠুন সাহা জানান, শনিবার সকালে বৃষ্টি সাহা তার ছেলে সৌভিককে নিয়ে স্কুল থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইক ও ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও অপর যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।দুর্ঘটনাস্থলেই বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক সাহার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে

