শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তিনবিঘা করিডোর সীমান্তে উত্তেজনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

গেজেট প্রতিবেদন

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তে শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর সড়কের পাশে বিএসএফের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। ভারতের পক্ষে অংশ নেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেঢু এবং ৩০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস নারায়ণ মিশরা।

বৈঠকে বিএসএফ দাবি করে, শূন্যরেখা থেকে ৫০ গজের মধ্যে জমি অধিগ্রহণের উদ্দেশ্যে ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা ফায়ারিং পজিশনে যাওয়াকে তারা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে।

জবাবে বিজিবি জানায়, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপন করায় বিজিবি প্রতিরোধমূলক অবস্থান নেয়।

বৈঠকে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় জমির ফসল নষ্ট করার অভিযোগ তোলে। এ বিষয়ে বিজিবি জানায়, কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে সীমান্ত এলাকায় কোনো কাজ শুরুর আগে দুই বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়।

এর আগে শুক্রবার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার ১০ থেকে ২০ গজের মধ্যে বিএসএফ সদস্য ও ভারতীয় শ্রমিকরা মাপজোখ এবং বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। পরে উভয় বাহিনী সীমান্তে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন