বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

যশোরে ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন রাখার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন ইনজেকশন রাখার দায়ে আবু সাঈদ নামে এক ওষুধ ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোহাম্মদ শাহীদুল ইসলাম এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবু সাইদ যশোর জেনারেল হাসপাতালের সামনের এআরএস ফার্মেসির মালিক ও শহরের পুরাতন কসবা গাজিরঘাট এলাকার মৃত ইসাহক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আনিসুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনের এআরএস ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় দোকান তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রাখা ২৪ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফার্মেসি মালিক আবু সাইদকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া। এ মামলা তদন্ত শেষে আবু সাইদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা মাদকের উপ-পরিদর্শক বদরুল হাসান।

মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আসামি আবু সাইদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি আবু সাঈদ পলাতক রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন