চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহর (৩৭) নামের এক ইসলামী বক্তার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ক্বারী শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি একজন ব্যবসায়ী, ইসলামি বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
মৃতের ভাইয়ের স্ত্রী জানান, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। রাত প্রায় ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হতে থাকে। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশাররফ হোসেন বলেন, সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি অর্থাৎ জামায়াত নেতা ছিলেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (ওসি অপারেশন) মকলেসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হবে৷
খুলনা গেজেট/এএজে

