সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতে পাচারকালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

গেজেট প্রতিবেদন

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ ঘটনায় একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।

আটক মো. বাপ্পি (২৭) চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

রবিবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি বিশেষ টহল দল দামুড়হুড়া উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি ওই এলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তবে তিনি দ্রুত পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তাকে তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশে বহনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক ব্যক্তিসহ জব্দকৃত স্বর্ণ ও মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন